সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনটিতে কোনো শিক্ষককে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়গুলো ঘুরে দেখে তিনি শিক্ষকদের দায়িত্বশীলতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন এমপি কামরুল। পরিদর্শনের সময় সকাল সাড়ে ৯টার দিকে আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌনে ১০টার দিকে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ১০টার দিকে কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি তিনি। শ্রেণিকক্ষে শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ থাকার চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন এমপি।
এ সময় তিনি মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে শিক্ষা কার্যক্রমের বাস্তব পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নেন এমপি কামরুল। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি গঠনের স্তর। এ স্তরে দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “এমপি স্যার স্কুল পরিদর্শনের সময়ই আমাকে ফোন করেছিলেন। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। লিখিত জবাব পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত তদারকি ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে এমন অনিয়ম কমে আসবে বলে আশা করছেন তারা।

Akhlaqur chowdhury Rahman
২ মাস আগেUnqualified eresponsible teachers was employed in exchange of brivery. Our future generations is pulling by the dark horses. Authority has to take action & preventive masseur sake of the education.