‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল, হাইকোর্টে যাবেন হাসান জাহাঙ্গীর

‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল, হাইকোর্টে যাবেন হাসান জাহাঙ্গীর

ফন্ট সাইজ:

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’এর মুক্তির অনুমতি বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএফডিসি সূত্রে জানা যায়, শুরুতে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল।

সে সময় কোনো আপত্তি বা অভিযোগ পাওয়া যায়নি। পরে জেবা জান্নাত অভিযোগ করেন, তার সঙ্গে কাজটির জন্য নাটক হিসেবে চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হলে তিনি আপত্তি জানান। তার দাবি, সিনেমার জন্য আলাদা কোনো চুক্তি তার সঙ্গে করা হয়নি। অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত মুক্তির অনুমতি বাতিল করা হয়।

এদিকে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি জানান, সিনেমাটি ইতোমধ্যে দেশের ৫০টির বেশি হলে বুকিং দেওয়া হয়েছে এবং হল মালিকদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ ছিল। এমন অবস্থায় মুক্তির অনুমতি বাতিলের সিদ্ধান্তকে তিনি অন্যায্য বলে মন্তব্য করেন। হাসান জাহাঙ্গীর বলেন, আমি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কাগজ পাইনি। কাগজ হাতে পেলেই হাইকোর্টে রিট করব। একজন অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে একটি সিনেমার মুক্তি আটকে যাবে এটা কেমন কথা? দেশে কি কোনো আইন-কানুন নেই?

এর আগে একই প্রকল্প নিয়ে আপত্তি তুলেছিলেন অভিনেত্রী মৌসুমী। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন