অস্ট্রেলিয়ায় শ্রমিক ঘাটতি মেটাতে ফেডারেল সরকার উচ্চ শিক্ষিত ও দক্ষ এবং তরুণ অভিবাসীদের বাছাই করার জন্য তার স্থায়ী অভিবাসন ব্যবস্থায় সংস্কার করছে। দক্ষতা এবং পারিবারিক উভয় ধারার ক্ষেত্রেই বিদেশের অভিবাসীদের চেয়ে দেশের অভ্যন্তরে থাকা অভিবাসীদের আবেদনকে অগ্রাধিকার দেবে অস্ট্রেলিয়া সরকার।
সরকার অভিবাসন আইন সম্পর্কিত কর্মক্ষেত্রের সুরক্ষা, নিরাপত্তা এবং সম্মতিমূলক ব্যবস্থা সম্পর্কে অভিবাসী কর্মীদের জন্য দুই বছরে ২৭.০ মিলিয়ন ডলার ব্যয় করবে। অভিবাসী কারিগরদের জন্য দ্রুততর দক্ষতা মূল্যায়ন এবং পেশাগত লাইসেন্সিং প্রক্রিয়া ত্বরান্বিত করতে ৮৫.২ মিলিয়ন ডলার ব্যয় করা হবে বলে বাজেট নথিতে বলা হয়েছে। এ বাজেটে সরকার বলেছে, স্থায়ী অভিবাসন পয়েন্ট পরীক্ষাকে সর্বোত্তম করবে। যা প্রায় দুই-তৃতীয়াংশ স্থায়ী দক্ষ অভিবাসী নির্বাচন করে। ভিসা প্রত্যাশীদের মধ্যে কোন ধরনের শিক্ষা এবং দক্ষতার পটভূমিকে অগ্রাধিকার দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। রেডস রিকগনিশন অস্ট্রেলিয়া অনশোর ভিসাধারীদের জন্য একটি নতুন দক্ষতা মূল্যায়ন কর্মসূচি পরিচালনা করবে সরকার। এর মাধ্যমে যোগ্যতাসম্পন্ন এবং বাস্তব পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ অভিবাসীদের স্বীকৃতি নিশ্চিত করা হবে। যাতে তারা কাজ করতে এবং কর্মশক্তির ঘাটতি মেটাতে পারে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ক্যানবেরার পার্লামেন্ট হাউসে ২০২৬-২০২৭ সালের অস্ট্রেলিয়ান ফেডারেল বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ জিম চালমার্স এমপি। তার এই বাজেট পেশে গুরুত্বপূর্ণ হালনাগাদ ও বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করেন। ২০২৬-২৭ সালের অস্ট্রেলিয়ান ফেডারেল বাজেটে সরকারের মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮৩৩.২ বিলিয়ন ডলার। বাজেটের মূল বিবরণে বলা হয়েছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সংস্কারের উপর মনোযোগ দিয়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ মোকাবেলা করাই ছিল এই বাজেটের উদ্দেশ্য। এবং মুদ্রাস্ফীতির চাপসহ বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে এটি উপস্থাপন করা হয়।
বাজেট নথিতে আরো বলা হয়, এ বছরের বাজেটে নিশ্চিত করা হয়েছে স্থায়ী অভিবাসন কর্মসূচির জন্য আসন সংখ্যা আগামীতে ১,৮৫,০০০-এ সীমাবদ্ধ থাকবে। যার মধ্যে ৭০ শতাংশেরও বেশি আসন দক্ষ অভিবাসীদের জন্য সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৫৫,১১০টি অফশোর স্থানের বেশিরভাগই উচ্চ-দক্ষ অভিবাসীদের জন্য বরাদ্দ করা হবে। যারা অস্ট্রেলিয়ার দীর্ঘমেয়াদী দক্ষতার চাহিদা মেটাতে সাহায্য করবে। যাদেরকে অধিকতর যোগ্য আবেদনকারী হিসেবে বিবেচনা করা হবে তাদের বাছাই করার পাশাপাশি সরকার বিদ্যমান যোগ্যতাকে স্বীকৃতি দেওয়ার জন্য দক্ষতা মূল্যায়ন পরীক্ষাও ত্বরান্বিত করবে। প্রতি বছর ৪,০০০ পর্যন্ত অতিদক্ষ কারিগরদের—যাদের প্রধানত নির্মাণ ও বৈদ্যুতিক ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ সহজতর করা হবে।
অস্ট্রেলিয়ায় ওয়ার্কিং হলিডে মেকারদের প্রভাবিত করে এমন অন্যান্য পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে সরকার। এবং একই সাথে অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা জোরদার করেছে। অস্ট্রেলিয়া সরকারের কোষাধ্যক্ষ জিম চালমার্স এমপি এসবিএসকে বলেন, বাজেটে প্রাপ্তবয়স্ক অভিবাসীদের জন্য ইংরেজি শিক্ষা কার্যক্রম পরিবর্তনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে আনুষ্ঠানিক ইংরেজি শিক্ষার সুযোগ উন্নত করা হবে। কর্মক্ষেত্রে যোগাযোগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তবে তিনি এও স্বীকার করেন যে, এটিই একমাত্র দক্ষতা নয় যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
জিম চালমার্স আরো বলেন, ২০২৯ সাল থেকে একটি নতুন ইংরেজি ভাষা কার্যক্রম চালু করা হবে। যেখানে নমনীয় টিউশন ফি এবং শিক্ষার্থীদের জন্য সহায়তার ব্যবস্থা থাকবে। এর লক্ষ্য হলো অভিবাসীদের ইংরেজি ভাষার দক্ষতার পাশাপাশি কর্মসংস্থান এবং সামাজিক সংহতির ফলাফল উন্নত করা। এই প্রোগ্রামগুলো সেইসব ব্যক্তিদের জন্য উপলব্ধ হবে যাদের ইংরেজি পাঠের সহায়তার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করা হয়। এছাড়াও আন্তর্জাতিক ছাত্র ভিসা ব্যবস্থার অখণ্ডতা নিশ্চিত করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ছাত্র ভিসার আবেদনপত্রগুলো আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করার জন্য চার বছরে ১৯.৮ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে বলে তিনি জানান।
