পর্যায়ক্রমে এগিয়ে আসবে এসএসসি, এইচএসসি পরীক্ষা

পর্যায়ক্রমে এগিয়ে আসবে এসএসসি, এইচএসসি পরীক্ষা

ফন্ট সাইজ:

এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসএসসি আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল বা জুনে নেয়ার পক্ষে মত দিয়েছেন অংশীজনরা। এর আগে, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে এই সভায় অংশীজনরা জানিয়েছেন, হুট করে পরীক্ষার সময় ৪ মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের ওপর তীব্র মানসিক চাপ তৈরি হবে। তারা প্রস্তাব করেন, এক বছরেই ৪ মাস না কমিয়ে বরং প্রতি বছর পর্যায়ক্রমে ১ মাস করে সময় এগিয়ে আনলে শিক্ষার্থীরা পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন।

সভায় বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ৮ই ফেব্রুয়ারি রোজা শুরু। যদি জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু করি আমরা রোজার আগে শেষ করতে পারবো। রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেন, আমরা যদি এসএসসি পরীক্ষা আগে শুরু করি, তাহলে এইচএসসি’র সিলেবাস কমপ্লিট করতে পারবো। তবে পরীক্ষা মার্চ-এপ্রিলে নিলে ভালো হয়। এ ছাড়া ফরম ফিলাপের পরে একটা ভালো সময় থাকে প্রিপারেশন নেয়ার জন্য।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থী-শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে নিতে পারি এবং কীভাবে সময় অ্যাডজাস্ট করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কতোদিনের মধ্যে আমাদের টার্গেট ফুলফিল করবো, ২০২৭ সালে ডিসেম্বরে পরীক্ষা নেবো নাকি ২০২৮ সালে গিয়ে অ্যাডজাস্ট করবো, তা নিয়েও মতামত পেয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাতে যেন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়, সেটাকে প্রাধান্য দিচ্ছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন