ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত

ফন্ট সাইজ:

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ের প্রতিফলন পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা ২৩ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। যেখানে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত।

২৩তম স্থানে তার সঙ্গী পাকিস্তানের বাবর আজম, যিনি মিরপুর টেস্টে খেলতে পারেননি। ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় উন্নতি করেছেন আরও কয়েকজন টাইগার ক্রিকেটার। মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। দলের স্মরণীয় জয়ের নায়কদের একজন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রান করা বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেন ৮৭ রান। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন শান্ত। শান্তর সামনে সুযোগ ছিল তৃতীয়বার জোড়া সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডে নাম লেখানোর। কিন্তু অল্পের জন্য সেটি পারেননি তিনি।

তবে একটি কীর্তি গড়েছেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। মুশফিকুর রহীমকে পেছনে ফেলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন নাজমুল হাসান। অধিনায়ক হিসেবে শান্তর সেঞ্চুরি সংখ্যা এখন পাঁচটি।
দুই ইনিংসে যথাক্রমে ৭১ ও ২২ রান করে মুশফিকের অগ্রগতি দুই ধাপ

বাংলাদেশের সাবেক অধিনায়ক আছেন ২৬তম স্থানে। আরেক সাবেক অধিনায়ক মুমিনুল হক এগিয়েছেন ১২ ধাপ। ৯১ ও ৫৬ রান করা বাঁহাতি ব্যাটসম্যানের অবস্থান এখন ৩৫তম। অভিষেকেই আলো ছড়িয়ে র‌্যাঙ্কিংয়ে ঢুকেছেন পাকিস্তানের আবদুল্লাহ ফাজাল ও আজান আওয়াইস। দুই ইনিংসেই ফিফটি করা ফাজাল আছেন ৭৫ নম্বরে। আর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজানের অবস্থান ৮২তম। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের জো রুট। বোলারদের তালিকার শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ। পাকিস্তানের নোমান আলী তিন ধাপ পিছিয়ে পাঁচে নেমে যাওয়ায় এক ধাপ করে এগিয়েছেন মিচেল স্টার্ক (দ্বিতীয়), ম্যাট হেনরি (তৃতীয়) ও প্যাট কামিন্স (চতুর্থ)। পাকিস্তানকে হারানোর পথে বড় ভূমিকা রাখা নাহিদ রানা এগিয়েছেন পাঁচ ধাপ।

আগুনে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেয়া পেসারের অবস্থান ৬৪তম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে এখন ত্রয়োদশ স্থানে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া পাকিস্তানি পেসার মোহাম্মাদ আব্বাস পুনরায় র‌্যাঙ্কিংয়ে ঢুকেছেন। ২৮তম স্থানে আছেন তিনি। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন