আগামী ১৯শে মে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস অ্যারেনাতে। যা নিশ্চিত ছিল আগে থেকেই। তবে শেষ মুহূর্তে বসুন্ধরা কিংসের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে অস্বীকৃতি জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেয়া এক চিঠিতে তারা ম্যাচটি অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে। মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে ভেন্যু পরিবর্তনের বিষয় লেখা হয়, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ এবং ক্লাবের অগণিত সমর্থক অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করে যে ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬-এর ফাইনাল ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।’ কিংস অ্যারেনায় খেলতে না চাওয়ার পেছনে মাঠটিতে অতীতে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্িষত ঘটনার কথা উল্লেখ করেছে মোহামেডান। চিঠিতে বলা হয়েছে, ‘বিগত বিপিএলের একাধিক খেলায় বসুন্ধরার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি মারমুখী ও বিরূপ আচরণ পরিলক্ষিত হয়েছে, যা ইতিপূর্বে দুটি চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।’
সেই ‘তিক্ত অভিজ্ঞতার’ কারণে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর’ ফাইনালের জন্য নিরপেক্ষ ভেন্যু চায় মোহামেডান। ভেন্যু নিয়ে মোহামেডানের অনড় অবস্থানের কথা জানিয়েছেন দলটির টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব বলেন,‘ প্রয়োজনে গাজীপুরে গিয়ে খেলব কিংবা মুন্সীগঞ্জে। মানিকগঞ্জেও হতে পারে। যদি ফাইনালে আবাহনী উঠতো বা অন্য কোনো দল, তাহলে কিংস অ্যারেনায় খেলতাম।
কিন্তু ওটা (কিংস অ্যারেনা) তো তাদের (বসুন্ধরা কিংস) হোম ভেন্যু। তাই তাদের মাঠে আমরা খেলতে রাজি না।’ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এখনই এই বিষয়ে নিয়ে কথা বলতে চাননি বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন,‘ মোহামেডান ফাইনালের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে। তবে এ ব্যাপারে এখনই আমি কিছু বলতে পারছি না। লীগ কমিটি বসে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। যা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেয়া হবে।’
