থানার ভেতরে তর্ক-বিতর্ক, পুলিশের গাড়িতে উঠেই ‘জয় বাংলা’

ফন্ট সাইজ:

নীলফামারীর সৈয়দপুর থানায় আটক সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাজী জাহানারাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, একটি সালিশ বৈঠকে অংশ নিতে জাহানারা সৈয়দপুর থানায় আসেন। এ সময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর তাকে থানার ভেতরে আটক করে পুলিশ। আটকের পর থানার সামনে উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে ফের তার তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাকে প্রাথমিকভাবে নীলফামারী সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে নীলফামারীতে নেয়ার প্রস্তুতি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ গাড়িতে তোলার সময় কাজী জাহানারা ‘জয় বাংলা’ সেøাগান দেন। পাশাপাশি তিনি বলেন, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। এতে থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই সৈয়দপুর থানায় জাহানারার সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি। তবে তাকে নীলফামারী সদর থানায় প্রেরণ করা হচ্ছে বলে জানান ওসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন