বিশ্বকাপ ঘিরে ঘানার সমর্থক ও কর্মকর্তাদের ভিসা আবেদন নাকচ করছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ ঘিরে ঘানার সমর্থক ও কর্মকর্তাদের ভিসা আবেদন নাকচ করছে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ঘানার ফুটবল সমর্থক, কর্মকর্তা ও ক্লাব মালিকদের বিপুল সংখ্যক মার্কিন ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত প্রায় ৪০০ জন সমর্থক, কর্মকর্তা এবং ক্লাব মালিকের ভিসা আবেদন বাতিল করা হয়েছে। আবেদনকারীদের পাঠানো প্রত্যাখ্যানপত্রে উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকারে তারা যথেষ্ট বিশ্বাসযোগ্য বা প্রভাবশালী হিসেবে বিবেচিত হননি।

ফেসবুকে দেয়া এক পোস্টে ঘানার ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক সানি দারা বলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ার আশা করা ঘানার সমর্থকদের জন্য যেন আগে থেকেই একটি ‘রিজেকশন টেমপ্লেট’ তৈরি করে রেখেছে মার্কিন দূতাবাস। তিনি দাবি করেন, তার পোস্টের পর একইভাবে আরও ২০ জনের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি লেখেন, এখন পর্যন্ত ৪০০ জনের বেশি আবেদনকারী প্রত্যাখ্যাত হয়েছেন। তাদের মধ্যে শীর্ষ ফুটবল কর্মকর্তা ও ক্লাব মালিকও রয়েছেন। অনেক ঘানা সমর্থকের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে ব্ল্যাক স্টারসকে সমর্থন জানানোর স্বপ্ন মাঠের প্রতিপক্ষ নয়।

প্রত্যাখ্যানপত্রে বলা হয়েছে, আবেদনকারীরা এমন কোনো শক্তিশালী সামাজিক, পারিবারিক, পেশাগত বা অর্থনৈতিক সম্পর্কের প্রমাণ দিতে পারেননি, যা নিশ্চিত করে যে তারা সফর শেষে ঘানায় ফিরে আসবেন। মার্কিন অভিবাসন আইনের ২১৪(বি) ধারা অনুযায়ী, অস্থায়ী ভিসা আবেদনকারীদের নিজ দেশে ফিরে যাওয়ার পর্যাপ্ত কারণ দেখাতে হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আবেদনকারীরা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে নতুন করে আবেদনপত্র পূরণ, ছবি জমা, ফি প্রদান এবং সাক্ষাৎকারে অংশ নিতে হবে। এই পরিস্থিতি ২০২৬ বিশ্বকাপে ঘানার জাতীয় ফুটবল দলের সমর্থন নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত ঘানার ক্রীড়া মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
সূত্র: ঘানা ওয়েব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন