হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস-প্রেসিডেন্ট ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান।
তার নির্দেশে বুধবার বিকালে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেন। প্রতিনিধি দলটি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করে এবং শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায়।
‘হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন’ শীর্ষক একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হলে নিউজটি জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়। পরে অসুস্থ শিশু নূর নাহারের চিকিৎসা এবং পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’কে।
