ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে ইরান। মঙ্গলবার (১২ মে) ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) এই তথ্য জানিয়েছে।
আইএসডব্লিউ তাদের রিপোর্টে বলেছে, ইরান সম্ভাব্য সংঘাত পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনার প্রধান শর্ত হিসেবে ভবিষ্যতে তার ভূখণ্ডে হামলা যেন না হয় সেটির নিশ্চয়তা চাচ্ছে।
তেহরান এই পদক্ষেপকে তাদের শাসনব্যবস্থা সুরক্ষিত এবং সম্ভাব্য অভ্যন্তরীণ অস্থিরতার বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তুতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত বলে মনে করছে।
ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কটি বলেছে, তেহরান ইঙ্গিত দিয়েছে যে হরমুজ প্রণালির সার্বভৌমত্ব সম্পর্কিত দাবিসহ ভবিষ্যতে হামলা না হওয়ার বিশ্বাসযোগ্য পদক্ষেপ ছাড়া তারা আলোচনায় বসবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, আহমদ ভাহিদি ও তার ঘনিষ্ঠ মহলের নেতৃত্বে আইআরজিসি ইরান পরিচালনায় তাদের প্রভাব সুসংহত করছে।
আইএসডব্লিউ জানায়, ইরান হয়তো তার কিছু সামরিক সম্পদ এমন সব দেশে সরিয়ে নিয়ে সুরক্ষিত করার চেষ্টা করছে, যে দেশগুলোতে যুক্তরাষ্ট্র আক্রমণ করবে না বলে তাদের ধারণা।
সিবিএস নিউজ ১২ মে এক রিপোর্টে দাবি করেছে, গত ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পরপরই ইরান পাকিস্তান ও আফগানিস্তানে তাদের সামরিক ও বেসামরিক বিমান গোপনে সরিয়ে নেয়।
এদিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবগুলোর জবাব দিয়েছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের জবাবকে প্রত্যাখ্যান করে এটিকে আবর্জনা হিসেবে উল্লেখ করেছেন।
সর্বশেষ তিনি বলেছেন, ইরানের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভয়াবহ লাইফ সাপোর্টে।
পাশাপাশি ট্রাম্পের মিত্ররা জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট এখন ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন।
