চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার জন্য বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে চীন যাওয়ার আগে ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণ কমাতে বেইজিংয়ের সাহায্যের দরকার নেই। এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় না ইরানের ব্যাপারে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমরা, শান্তিপূর্ণভাবে হোক বা অন্যভাবে যে কোনো উপায়ে জিতব।
যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবগুলোর জবাব দিয়েছে ইরান। ট্রাম্প তেহরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেটিকে আবর্জনা হিসেবে উল্লেখ করেছে।
বিবিসি জানিয়েছে, দীর্ঘ প্রায় এক দশক পর তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন ট্রাম্প। তাকে বহরকারী বিমানটি বুধবার বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে।
ট্রাম্পের এই সফরে সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জায়গা পেয়েছেন।
বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্পের চীন সফরের আলোচ্যসূচি বেশ জটিল হবে। কারণ দ্বিপাক্ষিক সম্পন্ন উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, বাড়তি শুল্ক ও প্রযুক্তির পাশাপাশি তাইওয়ান ও ইরান ইস্যু এবারের আলোচনা গুরুত্ব পেতে পারে।
এক্ষেত্রে আলোচনা সফল না হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনাও ছড়িয়ে পড়তে পারে।
