বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে। সদস্য করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ন সম্পাদক মো. ইসরাইল হাওলাদারকে।
এ ছাড়া আরেক সদস্য জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন। নির্বাচন কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। ইতোমধ্যে কাউন্সিলরের জন্য চিঠিও পাঠানো হয়েছে। যা আগামী ১৬ তারিখের জমা দেওয়ার শেষ সময়।
৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এই কমিটির দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া। তামিমের পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও ৩০ এপ্রিল মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। সভাপতি পদে থেকে বিসিবি নির্বাচনে অংশ নিবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ওপেনার।
