আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের শপথের অনুমতি চেয়ে করা আবেদনের আদেশ কাল

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের শপথের অনুমতি চেয়ে করা আবেদনের আদেশ কাল

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের শপথ ও ফলাফল প্রকাশের অনুমতি চেয়ে করা আবেদনের আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার আসন দু’টির নির্বাচনী ফলাফল প্রকাশ ও শপথ স্থগিতের বিরুদ্ধে আংশিক শুনানি শেষ হয়েছে। পরে আদেশের জন্য এ দিন ধার্য করেন আপিল বিভাগ।

শুনানি শেষে সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘এই দুটো আসনে নির্বাচন হয়েছে কিন্তু রেজাল্ট পাবলিকেশন এবং শপথ আপিল বিভাগের আদেশ অনুযায়ী স্থগিত আছে। যতক্ষণ না পর্যন্ত আপিল নিষ্পত্তি না হয়েছে। এই দুটো মামলায় এই দুইজন ব্যক্তির পক্ষে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দায়ের করা হয়েছিল। এই জন্য যেন তাদেরকে শপথ নেয়ার সুযোগ করে দেয়া হয়। একইসঙ্গে একটা উইথড্রয়াল অ্যাপ্লিকেশন দায়ের করেছিলাম। এই দুটোর ওপরেই আজকে আংশিক শুনানি হয়েছে এবং আগামীকালকে আমাদের আপিল বিভাগ এই দুটো অ্যাপ্লিকেশনের ওপরে আদেশ দেবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই প্রার্থী বিপুল ভোটে জয়ী হলেও ঋণখেলাপির আইনি জটিলতায় তাদের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত রয়েছে। পূর্বে এই মামলার শুনানির জন্য গত ২৮ এপ্রিল এবং পরবর্তীতে ৫ মে তারিখ নির্ধারিত থাকলেও সর্বশেষ আপিল শুনানির দিন ধার্য করা হয় ১২ মে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই সংক্রান্ত আপিল ও আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার পর আদালত পরবর্তী আদেশের জন্য আগামীকাল দিন নির্ধারণ করেছেন।