এমএলএসে এবারও সর্বোচ্চ বেতন মেসির

এমএলএসে এবারও সর্বোচ্চ বেতন মেসির

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নিজের সিংহাসন ধরে রেখেছেন লিওনেল মেসি। সম্প্রতি এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকার বার্ষিক মূল বেতন এখন ২ কোটি ৫০ লক্ষ ডলার। লীগের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়ের তুলনায় যা দ্বিগুণেরও বেশি।

গত অক্টোবরে ইন্টার মায়ামির সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন মেসি। আগামী মাসেই ৩৯ বছরে পা দিতে যাওয়া এই ফরোয়ার্ডের নতুন চুক্তিতে মূল বেতন যেমন দ্বিগুণ হয়েছে, তেমনি সব মিলিয়ে তার নিশ্চিত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লক্ষ ডলার বা প্রায় ২০.৯ মিলিয়ন পাউন্ডে। তবে এই হিসেবের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে এনডোর্সমেন্ট চুক্তি বা ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যামের মতো ক্লাবের অংশীদার হওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি।


তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন এলএএফসির দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। টটেনহামের এই ৩৩ বছর বয়সী সাবেক ফরোয়ার্ডের বার্ষিক মূল বেতন ১ কোটি ৪ লক্ষ ডলার। সনের ঠিক পরেই রয়েছেন ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ রদ্রিগো ডি পল এবং সান দিয়েগো এফসির হার্ভিং লোজানো।


২০২৩ সালে ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে মেসি এখন পর্যন্ত ৬৪টি ম্যাচে ৫৯টি গোল করেছেন। তার হাত ধরেই ২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা জেতে ইন্টার মায়ামি। গত মৌসুমে ২৯ গোল করে লীগের শীর্ষ স্কোরার হওয়ার পাশাপাশি টানা দুই মৌসুম (২০২৪ ও ২০২৫) এমএলএসের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’(এমভিপি) নির্বাচিত হয়েছেন এই ফুটবল জাদুকর।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন