চার বছর পর আগামী ১১ জুন তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। তিন দেশের এই বিশ্বকাপ বাংলাদেশে দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । কেননা বেসরকারি কোনো টেলিভিশন চ্যানেল অথবা ইন্টারনেটভিত্তিক মাধ্যম ওটিটি (ওভার দ্য টপ) প্রতিষ্ঠানগুলোও সম্প্রচার স্বত্ব এখনো কেনেনি। বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতায় পড়েছে ভারত, চীনও । গভীর রাতে খেলা হওয়ার কারণে অতিরিক্ত দামে সম্প্রচার স্বত্ত্ব কিনতে চাইছে না দেশ দুটি। এই জটিলতা না কাটলে বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ।
ফিফা জানিয়েছে, ইতোমধ্যে বিশ্বের ১৭৫ টিরও বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ভারত ও চীনের বিষয়ে আলোচনা এখনো চলমান। বাংলাদেশের পরিস্থিতি প্রায় একইরকম। গেল কয়েকটি বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছিল বেসরকারি টিভি চ্যানেল। তারা বিটিভিকে দিলে বিটিভি তা সম্প্রচার করতো। কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছিল টি-স্পোর্টসসহ আরো দুটি প্রতিষ্ঠান। এবার চড়া দামের কারণে তারা এখনো বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি। জানা গেছে, বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে।
এর সঙ্গে কর (এআইটি) ও ভ্যাট যোগ করলে খরচ দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকায়। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বিশাল অঙ্কের টাকা দিয়ে স্বত্ব কেনা স্থানীয় চ্যানেলগুলোর জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। টি স্পোর্টসসহ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও বিশাল এই আর্থিক ব্যবধানের কারণে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। অর্থনৈতিক সংকটের পাশাপাশি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ম্যাচের সময়সূচি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৫২টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টার আগে এবং বাকি ৫২টি ম্যাচ ভোর ৪টার পর। অর্থাৎ সিংহভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে ভোরের দিকে। সম্প্রচার সংশ্লিষ্টরা বলছেন, ভোরের দিকে ম্যাচ হওয়ায় দর্শক সংখ্যা কম থাকবে। এতে বিনিয়োগ করে টাকা ফেরত পাওয়া নিয়ে বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি দেখছেন তারা।
বৈশ্বিক এই মন্দা ও ফিফার অতিরিক্ত চাহিদাসহ ম্যাচের সময় ভালো না হওয়াতে দক্ষিণ এশিয়াসহ বড় একটি অংশ বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছে।

সোহাগ সিকদার
২ মাস আগেনা কেনাটাই দেশের জন্য ভালো হবে