গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিত হামে ও ৬ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দু’মাসে সারা দেশে ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫৬ শিশু। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ২৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫১ হাজার ৫৬৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৩২ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফেরেছে ৩২ হাজার ৮৭৭ শিশু।
তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞ কমিটি হবে: দেশে হামের সংক্রমণ, টিকার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তথ্য উপদেষ্টা বলেন, হামের প্রাদুর্ভাব ও বর্তমান সংকটের কারণ অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে।
বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ডা. জাহেদ বলেন, হামে এরইমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন হামের টিকার সংকট তৈরি হলো, টিকা কার্যক্রমে কোনো অবহেলা বা ত্রুটি ছিল কিনা- এসব বিষয় তদন্তে গুরুত্ব পাবে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
