পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াট জেলায় নওরং পুলিশ স্টেশনের কাছে মঙ্গলবার (১২ মে) শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
জেলা পুলিশ কর্মকর্তা নাজির খান বলেছেন, বিস্ফোরণে আহত ২৩ জন এখন চিকিৎসাধীন। এ ছাড়া সামান্য আঘাত পাওয়া সাতজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি দোকান এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে দেশটির পুলিশ জানায়, নওরঙ বাজারে একটি রিক্সার কাছে এই বিস্ফোরণ হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে নিহত সাতজনের লাশ নওরঙ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে দুই জন ট্র্যাফিক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।
আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিস্ফোরণের পর সারাই নওরঙ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়।
নাজির খান বলেছেন, বিস্ফোরণের জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়েছে। সেখানে এক টনের বেশি বিস্ফোরক পদার্থ রাখা হয়েছিল।
