রাজধানীর নিউ মার্কেটের পাশে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে যারা খুন করেছে তাদের মোটামুটি একটা ছকের ভেতরে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিটন হত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাদের অবস্থানের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি। এক প্রশ্নের জবাবে ডিবির শফিকুল ইসলাম বলেন, খুনিরা মোটরসাইকেলে করে রায়েরবাজার পর্যন্ত গেছে, এরপর আর ট্রেস পাওয়া যাচ্ছে না।
রায়ের বাজার পর্যন্ত কে গিয়েছিল এটা যেহেতু জানতে পারছি, তাহলে ধরে নেন যে খুনিদেরকে আমরা মোটামুটি একটা ছকের ভিতর নিয়ে আসছি। তিনি বলেন, আমরা কোনো বিষয়ে ছাড় দিচ্ছি না। শুধু এক টার্গেট নিয়ে আমরা পড়ে আছি তা না। মিডিয়াতে এটা নিয়ে বিভিন্ন কথা আসছে, তা আমরা সবগুলোই সাদরে গ্রহণ করেছি। একবারে রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত আমরা সবগুলো তথ্য মাথায় রেখে কাজ করছি।
গত ২৮শে এপ্রিল রাতে নিউ মার্কেটের পাশে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে মাস্ক পরিহিত দুজন মোটরসাইকেল আরোহী। পরে পুলিশ জানায়, নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ সালে পুলিশ যে ২৩ ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা প্রকাশ করে সেখানে টিটনের নাম ছিল। তার ভগ্নিপতি আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমন। তারা দুজনই মোহাম্মদপুরের ‘সন্ত্রাসী চক্র’ হারিছ-জোসেফ গ্রুপে যুক্ত ছিলেন। ঘটনার ১৫ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
