এএফসি চ্যালেঞ্জ লীগে ফর্টিজ এফসি

ফিফা নিষেধাজ্ঞা ও লাইসেন্সিং জটিলতায় তিন বড় ক্লাব

ফন্ট সাইজ:

ফিফার আর্থিক নিষেধাজ্ঞা ও এএফসি ক্লাব লাইসেন্সিং জটিলতার কারণে দেশের তিন শীর্ষ ক্লাব আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। এ কারণে এএফসি ক্লাব প্রতিযোগিতায় অংশ নেয়ার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে ফর্টিজ এফসি। ফিফার ট্রান্সফার ব্যান মূলত খেলোয়াড় ও কোচদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করা, চুক্তি লঙ্ঘন এবং আর্থিক নিষ্পত্তিতে ব্যর্থতার অভিযোগে আরোপিত হয়।

এর ফলে নতুন খেলোয়াড় নিবন্ধন ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে ক্লাবগুলোর ওপর সরাসরি বিধিনিষেধ তৈরি হয়। এখন পর্যন্ত ১১টি নিষেধাজ্ঞা কবলে আছে বসুন্ধরা কিংস। আবাহনীর নিষেধাজ্ঞা আছে সাতটি। মূলত এই নিষেধাজ্ঞার কারণে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করে প্রয়োজনীয় ছাড়পত্র অর্জন করতে পারেনি বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। মোহামেডান ক্লাব লাইসেন্সিয়ের আবেদনই করেনি সঠিক সময়ে।

এই পরিস্থিতিতে তুলনামূলকভাবে সংগঠিত কাঠামো ও আর্থিক শৃঙ্খলার কারণে এগিয়ে আসে ফর্টিজ এফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফার্স্ট ইনস্ট্যান্স বডির মূল্যায়নে নির্ধারিত মানদণ্ড পূরণ করায় ক্লাবটিকে এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়। এর ফলে প্রথমবারের মতো দেশের ঐতিহ্যবাহী তিন বড় ক্লাবের বাইরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ফর্টিস এফসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন