রোমাঞ্চকর জয়ে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান

ফন্ট সাইজ:

সৌরভ দেওয়ানের জোড়া গোলে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গতকাল কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেষ কোয়ালিফায়ার্স ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান লীগ চ্যাম্পিয়ন ক্লাবটি। দুই অর্ধে দুই গোল করে এক মৌসুম পর মোহামেডানকে ফাইনালে তুলেছেন সৌরভ দেওয়ান। এনিয়ে গত চার বছরে তিনবার ফেডারেশন কাপের ফাইনালে উঠলো ক্লাবটি। লীগে দুই দলের কেউই নেই শিরোপা লড়াইয়ে। তাইতো ফেডারেশন কাপ থেকে ভালো কিছু পাওয়ার সুযোগ ছিল দুই দলের সামনে। তবে সেখানে ব্রাদার্স ইউনিয়নকে হতাশ করেছে মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মোহামেডানের এগিয়ে যেতে সময় লাগে ৩৮ মিনিটে।

রহমত মিয়ার লং থ্রোয়ে এলি কেকের মাথা ছুঁয়ে আসা বলে হেডে জালের ঠিকানা খুঁজে নেন সৌরভ দেওয়ান। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। ৪৯ মিনিটে আলমগীর গাজীর নেয়া ভলি ঝাঁপিয়ে পড়ে ঠেকান মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। ব্রাদার্স ম্যাচে ফেরার সুযোগ পায় ৭২ মিনিটে আলমগীর গাজী ডি বক্সের খানিকটা সামনে ফাউলের শিকার হন। সেখান থেকে নেয়া ফ্রি কিকে উঁচু কোনা দিয়ে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতায় (১-১) ফেরান ব্রাদার্স অধিনায়ক জামাল ভূঁইয়া।

এরপর ম্যাচ এগোচ্ছিল অতিরিক্ত ৩০ মিনিটের দিকেই। কিন্তু সৌরভ যেন পণ করলেন নির্ধারিত সময়ের ভেতর আরেকবার সৌরভ ছড়ালেন তিনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে মুজাফফর মুজাফফরভের নেয়া কর্নারে জটলার মধ্যে বল পান এই ফরোয়ার্ড। দুর্দান্ত ভলিতে জাল কাঁপাতে কোনো ভুল করেননি।

রেফারির শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা লিপ্ত হন হাতাহাতিতে। তাতে মুখ ফেটে রক্ত বের হয় মুজাফফরভের। ১৯শে মে ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্সকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে কিংস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন