ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইলস গোপন করার অভিযোগ হিলারির

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইলস গোপন করার অভিযোগ হিলারির

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথিপত্রের ব্যবস্থাপনায় গোপনীয়তার আশ্রয় নেয়ার অভিযোগ তুলেছেন। বার্লিনে বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে অংশ নেয়ার সময় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে হিলারি বলেন, ফাইলগুলো প্রকাশ করুন। তারা ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে এগোচ্ছে। হোয়াইট হাউস দাবি করেছে, ফাইল প্রকাশের মাধ্যমে তারা ভুক্তভোগীদের জন্য ডেমোক্রে?টদের চেয়ে বেশি কাজ করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রিন্স অ্যানড্রু কংগ্রেসীয় কমিটির সামনে হাজির হওয়া উচিত কি না- এ প্রশ্নে হিলারি ক্লিনটন বলেন, যাকে সাক্ষ্য দিতে বলা হবে, সবারই সাক্ষ্য দেয়া উচিত। ফাইলগুলোতে কারও নাম থাকা মানেই অপরাধে জড়িত থাকা নয়। অ্যানড্রু সবসময়ই সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। ক্লিনটন দম্পতি কংগ্রেসীয় কমিটির সামনে হাজির হওয়ার কথা রয়েছে। বিল ক্লিনটন ২৭শে ফেব্রুয়ারি এবং হিলারি ক্লিনটন তার আগের দিন সাক্ষ্য দেবেন। শুরুতে হাজির হতে অস্বীকৃতি জানানোর কারণে তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার ভোটের পরিকল্পনা ছিল। তবে সাক্ষ্য দিতে সম্মত হওয়ার পর সেই ভোট স্থগিত করা হয়। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসীয় প্যানেলের সামনে সাক্ষ্য দেবেন। বিল ক্লিনটনের নাম এপস্টেইন ফাইলসে একাধিকবার উল্লেখ রয়েছে। তিনি এপস্টেইনের পরিচিত ছিলেন। তবে দাবি করেন- দুই দশক আগে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। এপস্টেইনের নির্যাতনের কোনো ভুক্তভোগীই ক্লিনটন দম্পতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেননি। বিল এবং হিলারি দু’জনেই জানিয়েছেন, এপস্টেইনের যৌন অপরাধ সম্পর্কে তারা তখন কিছু জানতেন না। এ মাসের শুরুতে কংগ্রেস একটি আইন পাস করার পর যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় এপস্টেইন সংক্রান্ত তদন্তের লাখো নতুন নথি প্রকাশ করে। মন্ত্রণালয় জানিয়েছে, এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী প্রয়োজনীয় সব নথি প্রকাশ করা হয়েছে। তবে আইনপ্রণেতারা বলছেন, এই প্রকাশ যথেষ্ট নয়। কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি আইনটির সহ-প্রণেতা। তিনি ডিওজের কাছে এপস্টেইন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত সংক্রান্ত অভ্যন্তরীণ স্মারকও প্রকাশের দাবি জানিয়েছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন