অভিনয়ের বাইরেও প্রাণীপ্রেমী হিসেবে বেশ সুনাম রয়েছে জয়া আহসানের। এবার তারই আরও একটি উদাহরণ স্থাপন করলেন তিনি। ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের হয়েছে। সোমবার এই রিট করেছেন- বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং প্রাণী কল্যাণকর্মী অভিনেত্রী জয়া আহসান। রিটকারীদের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ড. সিনথিয়া ফরিদ ও এডভোকেট সাজিদ হাসান। রিট আবেদনে বলা হয়েছে, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁঁকিপূর্ণ।
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তাই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্য নিয়ে সময়সীমাবদ্ধ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
তাছাড়া ৬০ দিনের মধ্যে এই ধরনের কার্যক্রম বন্ধে জাতীয় নির্দেশিকা প্রণয়ন, অসুস্থ ও বাজেয়াপ্ত ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধার করা প্রাণীদের পরিচর্যা ও পুনর্বাসনের জন্য অভয়ারণ্য তৈরির নির্দেশনাও এ রিটে চাওয়া হয়েছে। রিটে বলা হয়, এসব দূষিত মাংস গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।
যদিও প্রশাসন তখন কার্যক্রম বন্ধের কথা জানিয়েছিল, পরবর্তীতে স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করা হয়েছে। পরে মোবাইল কোর্ট গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে। রিটকারীদের দাবি, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে একাধিকবার চিঠি দেয়ার পরও কোনো ফল না পাওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়।
