সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রচিত ‘গন্ধসূত্র’ নাটকের প্রদর্শনী আজ। অবলোকন নাট্যদলের নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায়। অপু শহীদের রচনা ও তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় সমকালের বাংলাদেশের অভিজ্ঞতায় জারিত এক দগদগে নাটক ‘গন্ধসূত্র’। নাট্যকার অপু শহীদ বলেন, গন্ধসূত্র একইসঙ্গে আমাদের গল্প, আবার বিশ্বের গল্প।
যেখানেই ফ্যাসিবাদের করাত নেমে আসে সেখানেই এই রকম ঘটনা ঘটে। চোখ দিয়ে বা কান দিয়ে না হলে, গন্ধ দিয়ে দর্শক চিনে নিবে সময়কে। সময়টা সারা পৃথিবীতেই এখন এমন যে এই শোষণভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তিকে কোনো না কোনো পক্ষের বলে দাগিয়ে দেয়া হয়। রাজনৈতিক বেলাল্লাপনায় ধর্ষণাস্ত্র এক অপরিহার্য বিষয়। নারীর বিরুদ্ধে যৌন হিংস্রতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।
এদেরই একজনের প্রতিনিধিত্ব করে এই নাটকের বহ্নি চরিত্র। সে রাষ্ট্রশক্তির পরিকল্পিত যৌন হিংস্রতার শিকার। সারা বিশ্বে এরকম চেনা-অচেনা হাজারো নারীর আর্তনাদ গুমড়ে গুমড়ে কাঁদে। সে হতে পারে মনিপুর অসম কিংবা স্পেন কম্বোডিয়া অথবা আফগান। এই নাটক দর্শককে ভালোভাবেই নাড়া দেয়, তোলে অনেক প্রশ্ন। গন্ধসূত্র নাটকে চরিত্রায়নে রয়েছেন ডায়না ম্যারেলিন, সুপ্তি দাস চৈতি, সরওয়ার জাহান উপল ও তৌফিকুল ইসলাম ইমন।
