পর্দা উঠলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবের। ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর কানে প্রতি বছরের ন্যায় এবারো চলচ্চিত্র জগতের মিলনমেলায় পরিণত হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকরা এ উৎসবে অংশ নিচ্ছেন। ৭৯তম এই আসর চলবে আগামী ২৩শে মে পর্যন্ত। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির ‘দ্য ইলেকট্রিক কিস’। উৎসবের সমাপ্তি দিনে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম, যেখানে সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ’অর’ বা স্বর্ণপাম প্রদান করা হবে।
এবার প্রধান জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন নন্দিত কোরীয় নির্মাতা পার্ক চ্যান-উক। এবার বিশেষ সম্মাননা পাচ্ছেন বিখ্যাত পরিচালক পিটার জ্যাকসন এবং কিংবদন্তি সংগীতশিল্পী ও অভিনেত্রী বারবারা স্ট্রাইস্যান্ড। এবারের আসরে ২২টি সিনেমা স্বর্ণপামের জন্য প্রতিযোগিতায় রয়েছে। আলোচনায় রয়েছে দক্ষিণ কোরিয়ার না হোং জিনের ‘হোপ’, ইরানি নির্মাতা আসগর ফারহাদি-এর ‘প্যারালাল টেলস’, জেমস গ্রের ‘পেপার টাইগার’, পেদ্রো আলমোদোভারের ‘আমার্গা নাভিদাদ’, হিরোকাজ কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’ ও রয়সুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’।
এশিয়া ও ইউরোপের নির্মাতাদের মধ্যে এবার কঠিন প্রতিযোগিতার আভাস মিলছে। বিশেষ করে তিনজন ফরাসি নারী নির্মাতার সিনেমাও মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। এ ছাড়া ‘আঁ সাঁর্তে রিগা’ বিভাগে মরক্কো ও ফিলিস্তিনের নির্মাতাদের কাজও প্রদর্শিত হচ্ছে, যা উৎসবটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।
