ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে কুয়েত। মঙ্গলবার (১২ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, আইআরজিসি’র সদস্যরা নাশকতা চালানোর জন্য কুয়েতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে।
কুনা বলছে, গত ১ মে চারজন একটি মাছ ধরার নৌকায় অনুপ্রবেশের চেষ্টা করলে কুয়েতি সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে কুনা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা সত্য হলে এটি হবে যুদ্ধ চলাকালীন সময়ে ইরানের পক্ষ থেকে তার কোনো প্রতিবেশী দেশে সামরিক অনুপ্রবেশের প্রথম প্রচেষ্টা।
কুনা গ্রেপ্তারকৃত চারজনের নাম ও তাদের সামরিক পদমর্যাদা প্রকাশ করেছে। তারা হলেন, আইআরজিসি’র নৌ-বাহিনীর কর্নেল আমির হোসেন আবদুল মোহাম্মদ জারাই, কর্নেল আবদোলসামাদ ইয়েদালেহ ঘনাবতী, ক্যাপ্টেন আহমদ জামশিদ গোলামরেজা জোলফাঘরি এবং লেফটেন্যান্ট মোহাম্মদ হোসেন সোহরাব ফরৌগি রাদ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই চারজন স্বীকার করেছে যে,আইআরজিসি তাদেরকে গত ১ মে প্রধান বাণিজ্যিক ও সরবরাহ কেন্দ্র বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের দায়িত্ব দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল, কুয়েতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাসহ একটি মিশন বাস্তবায়ন করা।
