বিশ্বজয়ের স্বপ্নে বিভোর মাদারীপুরের কারাতে কন্যা মাইশা

বিশ্বজয়ের স্বপ্নে বিভোর মাদারীপুরের কারাতে কন্যা মাইশা

ফন্ট সাইজ:

মাদারীপুরের উদীয়মান কারাতে তারকা মাইশা জেবিন এখন মার্শাল আর্ট অঙ্গনের নতুন সম্ভাবনার নাম। সম্প্রতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির জেলা পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সবার নজর কেড়েছেন এই কিশোরী। মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাইশা -৪৫ কেজি ওজন শ্রেণির কুমিতে চ্যাম্পিয়ন হয়ে জিতেছেন স্বর্ণপদক। তার এই সাফল্যে মাদারীপুরজুড়ে বইছে প্রশংসার জোয়ার।

সাফল্যের এই মঞ্চে পৌঁছাতে মাইশাকে পাড়ি দিতে হয়েছে কঠিন কয়েকটি ধাপ। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জুহাইরা তাসনিম জুহা, দ্বিতীয় রাউন্ডে মারিয়া আক্তার এবং তৃতীয় রাউন্ডে হাফসা রোজাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সে। এরপর শিরোপা নির্ধারণী লড়াইয়ে সপ্তর্ষিমণ্ডল মৃদ্যুতৃষ্ণাকে পরাজিত করে স্বর্ণপদক নিশ্চিত করে মাইশা। মাদারীপুর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা এমরান হোসেন ও নার্গিস আক্তার দম্পতির মেয়ে মাইশা ছোটবেলা থেকেই কারাতের প্রতি ভীষণ আগ্রহী।

তার কারাতে যাত্রার শুরু ২০২১ সালে, মাদারীপুর জেলা প্রশাসন (গোজুরিও) ক্লাবে ভর্তি হওয়ার মাধ্যমে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে প্রতিটি বেল্ট টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়ে বর্তমানে গোজুরিও স্টাইলে ‘ব্রাউন বেল্ট প্রথম কিউ’ অর্জন করেছে সে। এর আগেও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এবং ২০২৪ সালের বিজয় দিবস আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে স্বর্ণপদক জিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল মাইশা। এছাড়া গত বছর ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে স্কুল পর্যায়ের দলীয় প্রতিযোগিতাতেও প্রথম স্থান অধিকার করে সে। ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা এই কিশোরী এখন মাদারীপুরবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন