দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহত দুই বাংলাদেশি হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ লেবাননে সোমবার সংঘটিত এই হামলায় দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মৃতদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও দূতাবাস যোগাযোগ রাখছে।
বাংলাদেশ সরকার আবারও এ অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা।
