বৃষ্টির আশঙ্কা থাকলেও বদলাচ্ছে না বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের ভেন্যু

বৃষ্টির আশঙ্কা থাকলেও বদলাচ্ছে না বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের ভেন্যু

ফন্ট সাইজ:

বৈশাখের বৃষ্টিতে বারবার বাধাগ্রস্ত হয়েছে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বৃষ্টির আশঙ্কা আছে দ্বিতীয় টেস্টের ভেন্যু সিলেটেও। তাই বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত ভেন্যু বদলাচ্ছে না। সূচি অনুযায়ী ১৬ থেকে ২০ মে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সিলেটে ১৬ এবং ১৭ মে বৃষ্টির সম্ভাবনা ৯৬ শতাংশ। টেস্টের শেষ তিন দিন ১৮, ১৯ ও ২০ মে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ,৭৩ শতাংশ ও ২০ মে ৫৫ শতাংশ। আজ প্রথম টেস্টের শেষ দিনে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেটেই হবে দ্বিতীয় টেস্ট।

এদিকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা। তাতে করে তানজিদ হাসান তামিম ও অমিত হাসানের টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা আরও একটু বাড়ল। তানজিদ তামিম ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্টে কখনোই খেলেননি। অমিত এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন।

তানজিদ তামিম প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে করেন ১৭৯২ রান। ৫ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন। গড় ৪০.৭২। আর অমিত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন। ৫০ ছুঁইছুঁই গড়ে (৪৯.৩২) করেছেন ৩৬৫০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৮২ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ১১ সেঞ্চুরি ও ১৭ ফিফটি করেছেন। বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বর্তমান চক্রে ৫০ শতাংশ সফলতার হার নিয়ে পাকিস্তান পাঁচ নম্বরে। আর ১৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে আটে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, অমিত হাসান

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন