স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার (১২ মে) জোহরের নামাজের পর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাখা হবে, যেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা, নাট্যকার ও নির্দেশক।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবস্থার সাময়িক উন্নতি হওয়ায় একবার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে গত রবিবার পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু অবশেষে চলেই গেলেন তিনি। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক অবদানের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন আতাউর রহমান।
তিনি ছিলেন নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও সংগঠক। স্বাধীনতা-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
