টটেনহ্যাম হটস্পার শিবির পতনের দিকেই এগোচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লীগে টিকে থাকার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে আবারও খাদের কিনারায় দাঁড়িয়ে উত্তর লন্ডনের ক্লাবটি। সোমবার ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে স্পার্সরা। হারের সমতুল্য এ ড্রয়ে লীগ টেবিলে ১৮তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে স্রেফ ২ পয়েন্টে এগিয়ে থাকলো রবার্তো ডি জার্বির শিষ্যরা।
খেলার বিরতির ঠিক পাঁচ মিনিট পরেই গ্যালারিতে উন্মাদনা ছড়ান মাথিস তেল। ২০ গজ দূর থেকে তার চোখধাঁধানো এক শটে বল জালে জড়ায়। গ্যালারির তুমুল উল্লাসে মনে হচ্ছিলো স্বাগতিকরা হয়তো প্রিমিয়ার লীগে টিকে থাকার প্রশ্নে এক ধাপ এগিয়ে গেল। তবে তখনও নাটকের অনেক বাকি। ম্যাচের ৭৪তম মিনিটে নিজেদের ডি-বক্সের ভেতর অহেতুক এক বাইসাইকেল কিক নিতে গিয়ে ইথান আমপাডুর মাথায় আঘাত করেন তেল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে থেকে সমতা ফেরাতে ভুল করেননি ডমিনিক ক্যালভার্ট-লেউইন।
পেনাল্টির ঠিক আগেই রিচার্লিসন গোলের এক সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। ম্যাচের শেষ দিকে রবার্তো ডি জার্বির দল মরিয়া হয়ে আক্রমণ করলেও সাফল্যের দেখা পায়নি। উল্টো যোগ করা সময়ে শন লংস্টাফের এক নিশ্চিত গোল রুখে দিয়ে দলকে বাঁচান তরুণ গোলকিপার আন্তোনিন কিনস্কি। চ্যাম্পিয়ন্স লীগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বিপর্যয়ের পর এই সেভটি হয়তো কিনস্কির ক্যারিয়ারে শাপমুক্তির মুহূর্ত হয়ে থাকবে। ম্যাচের পর হতাশা প্রকাশ করে স্পার্স কোচ বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সামর্থ্য আছে (প্রিমিয়ার লীগে) টিকে থাকার। তবে আজ আমরা সুযোগ হারিয়েছি।’
চোটের কারণে দীর্ঘ সময়ে বাইরে কাটিয়ে জেমস ম্যাডিসনের ফেরা কিছুটা স্বস্তি দিলেও, শেষ মুহূর্তের পেনাল্টি আবেদন নাকচ হওয়ায় স্পার্স শিবিরের হতাশা কয়েকগুণ বেড়েছে। হাতে মাত্র দুটি ম্যাচ। এখন টটেনহ্যামের সামনে কেবলই স্নায়ুচাপের লড়াই।
