‘ফার্মগেট’ কেলেঙ্কারি: রামাফোসার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ার তদন্ত শুরু

‘ফার্মগেট’ কেলেঙ্কারি: রামাফোসার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ার তদন্ত শুরু

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘ফার্মগেট’ কেলেঙ্কারির তদন্তে অভিশংসন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট। সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার শিগগিরই এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করবেন। দেশটির সর্বোচ্চ আদালত গত সপ্তাহে রায় দিয়ে জানায়, চার বছর আগে প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত আটকে দেয়ার সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ছিল। ফলে নতুন করে অভিশংসন প্রক্রিয়া চালুর পথ খুলে যায়।

‘ফার্মগেট’ কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২০ সালে প্রেসিডেন্ট রামাফোসার মালিকানাধীন ফালা ফালা খামারবাড়ি থেকে চুরি হওয়া প্রায় ৪০ লাখ ডলার। ফার্মের অর্থ চুরি নিয়ে এ ঘটনা বলে এর নাম ফার্মগেট কেলেঙ্কারি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা একটি সোফার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। বিরোধীরা প্রশ্ন তুলেছে এই অর্থ কীভাবে অর্জিত হয়েছিল, তা যথাযথভাবে ঘোষণা করা হয়েছিল কি না এবং কেন ব্যাংকে না রেখে সোফার ভেতরে রাখা হয়েছিল। তবে রামাফোসা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন এই অর্থ মহিষ বিক্রি করে পেয়েছেন। সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, তিনি পদত্যাগ করবেন না এবং তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই করবেন। রামাফোসা আদালতের রায়কে সম্মান করেন বলে জানিয়েছেন।

এদিকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দল (এএনসি) মঙ্গলবার জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডাকে। সেখানে কেলেঙ্কারি নিয়ে দলের অবস্থান নির্ধারণ করার কথা। প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাটি করেছে বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স এবং আফ্রিকান ট্রান্সফরমেশন মুভমেন্ট। বিরোধীরা ইতিমধ্যেই রামাফোসার পদত্যাগ দাবি করেছে। তবে তদন্ত কমিটির প্রতিবেদন নেতিবাচক হলেও পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ভোট ছাড়া প্রেসিডেন্টকে অপসারণ সম্ভব নয়। বর্তমানে ক্ষমতাসীন দল এএনসি পার্লামেন্টে এক-তৃতীয়াংশের বেশি আসন ধরে রেখেছে, ২০২৪ সালের নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা হারায়।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন