বাজার পরিস্থিতি আগের চেয়ে বেশি অস্থির: জামায়াত আমির

বাজার পরিস্থিতি আগের চেয়ে বেশি অস্থির: জামায়াত আমির

ফন্ট সাইজ:

বাজার পরিস্থিতি আগের চেয়ে বেশি অস্থির বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকালে মিরপুর-১ নম্বরে সেকশনে শাহ আলী কাঁচা বাজার পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগে থেকেই বাজার অস্থির, ইদানীং মনে হচ্ছে আরও একটু বেশি অস্থির।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিরোধীদলের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, ‘এগুলো নিয়ে আমরা সংগ্রাম করব। এগুলো নিয়ে মাঠে নামবো, আওয়াজ তুলবো, জনগণকে সংগঠিত করব এবং একটা সময়ের ব্যবধানে এই যন্ত্রণা থেকে আমরা জনগণকে মুক্ত করব।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই যে একটা বিশাল আড়ত-মার্কেট আছে, এখানে যে দোকানগুলো আছে, স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে। এখানেও নীরব চাঁদাবাজি আছে। কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে।’

প্রশ্ন করে জামায়াত আমির বলেন, ‘কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না। এখানেই আমাদের সাথে চলাফেরা করে, ওঠা-বসা করে বসবাস করে, এই লোকেরা এগুলো করে। তাদের পরিচয় আমরা সবাই জানি।’