যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে: ট্রাম্প

যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে: ট্রাম্প

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক মাসের যুদ্ধবিরতি এখন ‘বিশাল লাইফ সাপোর্টে’ আছে। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও এটি অবিশ্বাস্য রকম দুর্বল। তবে ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ এক্সে লিখেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে এবং শিক্ষা দিতে প্রস্তুত। ফলে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা নিভে এলেও বার বার তা জ্বলে উঠছে। আবার আতঙ্ক দেখা দিচ্ছে। একদিকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও দু’পক্ষের মধ্যে বাকযুদ্ধ ঠিকই অব্যাহত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

রোববার যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো পাল্টা প্রস্তাবে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য নিজেদের শর্ত তুলে ধরে ইরান। ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এক টুকরো আবর্জনা বলে মন্তব্য করেন। ট্রাম্পের মন্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরানের প্রস্তাব দায়িত্বশীল এবং উদার।

সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকার মন্তব্যের পর গালিবাফ এক্সে আরেকটি পোস্টে লিখেছেন, ১৪ দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি লিখেছেন, তারা যত বেশি সময় নষ্ট করবে, মার্কিন করদাতাদের তত বেশি মূল্য দিতে হবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের তথ্যমতে, তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান ইসরাইলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত। এছাড়া প্রস্তাবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়েও জোর দেয়া হয়েছে। রোববার নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি। এটি আমার পছন্দ হয়নি- সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এর জবাবে ইসমাইল বাঘাই বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ইরান প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেবে। সোমবার পরে ওভাল অফিসে ট্রাম্প দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন। এপ্রিল থেকে মাঝে মাঝে গোলাগুলির ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি মোটামুটি বজায় রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, আমি বলব যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে আছে। যখন ডাক্তার এসে বলেন, ‘স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১ শতাংশ।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের নেতারা খুবই অসম্মানজনক মানুষ। তিনি বলেন- দেখুন, আমাকে চার-পাঁচবার তাদের সঙ্গে কাজ করতে হয়েছে। তারা বারবার সিদ্ধান্ত বদলায়। ট্রাম্প আরও বলেন, ওরা যে আবর্জনার টুকরো আমাদের পাঠিয়েছে, আমি সেটি পুরো পড়াও শেষ করিনি। তিনি ইরানের বিরুদ্ধে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার বিষয়ে করা একটি সমঝোতা থেকে সরে যাওয়ার অভিযোগও তোলেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।

তাসনিম নিউজ এজেন্সি আলোচনাকারী দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের প্রস্তাবে সমৃদ্ধ পারমাণবিক উপাদান বাইরে সরিয়ে নেয়ার বিষয়টি নেই। এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প আবারও বলেছেন, ইরানের যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে হবে। তার আগে যুদ্ধ শেষ হয়েছে বলা যাবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন