বিশ্বকাপে না খেলার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি গঠন

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম অলি উল্যাকে। কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি সে অনুরোধ প্রত্যাখান করে। পরে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এর আগে উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয়ে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওই সিদ্ধান্তের পরই দেশটিতে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বোর্ড। আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ জানায় বিসিবি। কিন্তু বাংলাদেশকে ভারতেই খেলার কথা বলে আইসিসি।

গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপরই এই ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। তারই ধারাবাহিকতায় করা হলো তিন সদস্যের তদন্ত কমিটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন