তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানালেন ছারছীনার পীর

ফন্ট সাইজ:

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমান ও তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা। মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা ও বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ-এর আমীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এ শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে অনুকূল পরিবেশে দেশে ফিরে আসেন তারেক রহমান। দেশে ফেরার পরপরই মাতৃবিয়োগের শোক বুকে ধারণ করেও তিনি নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন এবং দেশ গঠনের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর উত্তরসূরি হিসেবে জনগণের ভালোবাসায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন তারেক রহমান। ছারছীনার পীর তার বক্তব্যে উল্লেখ করেন, এদেশের হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে ক্বেরাম ইসলাম ও মুসলমানদের ঈমান-আক্বীদা রক্ষায় বিএনপিকে রক্ষাকবচ হিসেবে বিবেচনা করেছেন। দেশের মানুষ এখনো পীর-ওলীদের দিক-নির্দেশনা অনুসরণ করে জীবন পরিচালনা করেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মানবসেবা হোক আপনার ব্রত, ন্যায় ও ইনসাফ হোক আপনার ভূষণ, দেশপ্রেম হোক আপনার মূলমন্ত্র। মদিনার সনদ হোক আপনার দিশারী। আল্লাহ্ আপনাকে সহায় হোন।’ ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দেশের শান্তিকামী হক্কানী আলেম সমাজ ভবিষ্যতেও প্রধানমন্ত্রীর পাশে থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন