মন্ত্রিসভায় ডাক পেলেন অমিত

ফন্ট সাইজ:

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন যশোর-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন অমিতের বড় ভাই শানু ইসলাম সুমিত। বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। অমিতের বড় ভাই জানান, আলহামদুলিল্লাহ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন পেয়েছেন। তবে মন্ত্রণালয় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। শপথ গ্রহণের পর মন্ত্রণালয় বণ্টন হতে পারে। অনিন্দ্য ইসলাম অমিতের পিতা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম বিএনপি সরকারের বিভিন্ন মেয়াদে চারবার মন্ত্রী মনোনীত হন। ১২ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অমিত। তিনি ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট পান। অনিন্দ্য ১৯৭৫ সালের ২৪ই আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। তিনি যশোর জেলা বিএনপি’র সদস্য এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনিন্দ্য ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন