বেরোবি’র নতুন রেজিস্ট্রার ড. ফেরদৌস

ফন্ট সাইজ:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের নিয়োগ বাতিল করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নতুন রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে। গত সোমবার রাতে সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. মো. ফেরদৌসকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। আদেশটি ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখের অপরাহ্ন থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে। জানা গেছে, নির্বাচনকালীন ছুটির পরদিন গত রোববার সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। বৈঠকে রেজিস্ট্রারের নিয়োগ দ্রুত বাতিলের দাবি জানানো হয়। এ বিষয়ে ড. হারুন অর রশিদ দাবি করেন, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাকে ফোন করে অফিসে না আসতে এবং ছুটিতে থাকতে বলেন। তবে তিনি এতে সম্মত হননি। রোববার সকালে অফিসে গেলে তাকে ফোন করে অফিস ছাড়তে বলা হয়। পরে দুপুরে উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম তার দপ্তরে এসে কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে সরে যেতে নির্দেশ দেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে তাকে ‘জামাতি রেজিস্ট্রার’ আখ্যা দিয়ে ছাত্রদলের পক্ষ থেকে প্রেস ব্রিফিংসহ বিভিন্নভাবে চাকরিচ্যুত করার চেষ্টা করা হয়েছে। একইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতে গেলে তাকে জানানো হয়, তার জন্য পরিবহন সুবিধা বাতিল করা হয়েছে। পরে তিনি রিকশায় বাসায় ফেরেন। এ ছাড়া একটি দল তার দপ্তরে গিয়ে কোনো ফাইল যেন তার কাছে না যায় এবং কর্মকর্তা-কর্মচারীদেরও সরে যেতে বলে বলে তিনি অভিযোগ করেন। পরিবহন সুবিধা বাতিলের বিষয়ে জানতে পরিবহন পুলের পরিচালক মাসুদ রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তার (রেজিস্ট্রার) বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন