মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লক্ষাধিক টাকা লুট হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত ১টার দিকে ওই গ্রামের মৃত সাদেক আলীর বাড়িতে ১৫/২০ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। এ সময় বাড়ির কেয়ারটেকার আব্দুল মালেক লোকজনের উপস্থিতি টের পেয়ে বের হয়ে এলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। আব্দুল মালেকের চিৎকারে তার ছেলে মো. রোমান বাবাকে বাঁচাতে এলে ডাকাতরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে বাড়ির গৃহিণী ফারজানা আক্তার দরজা খুলে উঠানে ডাকাতের উপস্থিতি দেখে তার শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে নিচতলার একটি কক্ষে আশ্রয় নেয়। এরইমধ্যে ডাকাতরা কেয়ারটেকার ও তার ছেলের হাত-পা বেঁধে জিম্মি করে বিল্ডিংয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে শাশুড়ি সাহাতন নেছার রুম থেকে প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ১ লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।
শ্রীনগরে দুর্ধর্ষ ডাকাতি
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
