ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক রয়েছে বা কাজ করছে এমন আরব এবং মুসলিম দেশগুলোকে ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরান। প্রেস টিভি তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, আইআরজিসির সাবেক কমান্ডার এবং ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই এই অঞ্চলে জায়নবাদী শাসনের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য ও অভিপ্রায় সম্পর্কে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোহসেন রেজাই বলেন, ইসরাইলি শাসনব্যবস্থা তাদের ভূমি ও সম্পদের ওপর আধিপত্য বিস্তারের জন্য এই অঞ্চলজুড়ে সংঘাত ও বিভাজন উস্কে দিতে চাইছে।
তিনি বলেন, আরব ও মুসলিম ভাইয়েরা! ইসরাইলের লক্ষ্য হলো এই অঞ্চলে সংঘাত ও বিভেদের আগুন জ্বালিয়ে দেয়া, যাতে তারা আপনাদের ভূখণ্ড ও সম্পদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে ।
ইরানের এই কর্মকর্তা আরও বলেন, ইসরাইলি শাসনের ‘বিপজ্জনক প্রকল্পের’ সঙ্গে সহযোগিতার ‘গুরুতর ও মারাত্মক পরিণতি’ হবে, বিশেষ করে তাদের জন্য যারা নিজেদের সামর্থ্যের বাইরে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছে।
তিনি এসব দেশকে সতর্ক ও বিচক্ষণ থাকার আহ্বান জানিয়েছেন।
