পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দেশটির সরকার সোমবার (১১ মে) আফগান চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে। সেই সঙ্গে তালেবান সরকারের কাছে তীব্র প্রতিবাদপত্র পেশ করে বলেছে, পাকিস্তান দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিতনা আল-খাওয়ারিজ সংগঠনের সন্ত্রাসীরা ৯ মে ফাতেহ খেল পুলিশ ফাঁড়িতে হামলা চালালে ১৫ জন পুলিশ নিহত হয়েছে। এ ছাড়া হামলায় এক বেসামরিক নাগরিকসহ আরও চারজন আহত হয়েছে।
পাক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদের তদন্তে সংগৃহীত প্রমাণ ও প্রযুক্তিগত গোয়েন্দা তথ্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে আফগানিস্তানে বসবাসকারী সন্ত্রাসীরাই এই হামলার মূল পরিকল্পনাকারী।
পাকিস্তান সতর্ক করেছে, সন্ত্রাসী সংগঠনগুলো যদি সীমান্তের ওপারে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে থাকে, তবে ইসলামাবাদ তার জাতীয় নিরাপত্তা বা নাগরিকদের সুরক্ষার বিষয়ে কোনো আপস করবে না।
সন্ত্রাসী সংগঠনগুলো যেন পাকিস্তানে হামলা চালানোর জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে না পারে- তা নিয়ে ইসলামাবাদ কাবুলকে বারবার আহ্বান জানিয়ে আসছে।
তবে আফগান সরকার পাকিস্তানের এসব অভিযোগ অস্বীকার করেছে।
এনিয়ে সাম্প্রতিক মাসগুলোতে উভয় দেশের কয়ক দফায় সংঘাত হয়েছে এবং সর্বশেষ পাকিস্তানে এই হামলার ঘটনায় দেশ দুইটির মধ্যে উত্তেজনা আরও বাড়লো।
