মঙ্গলবার উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা

ফন্ট সাইজ:

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ ও টেকসই করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জাতীয় কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় শিক্ষাবিদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইউজিসির সদস্য, নীতিনির্ধারক, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি ও উন্নয়নসংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

উদ্বোধনী পর্ব শেষে পাঁচটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে স্নাতকদের কর্মসংস্থানযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, প্রশাসনিক সুশাসন ও মান নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সুপারিশ তুলে ধরা হবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ উচ্চশিক্ষা পরিকল্পনা ও দিকনির্দেশনা নির্ধারণেও এটি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আখতার হোসেন খান।

এদিকে কর্মশালা উপলক্ষে সোমবার বিকেলে ইউজিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও প্রস্তুতি তুলে ধরা হয়। এসময় কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন