স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামীর যাবজ্জীবন

১৩ বছর পর রায়

স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামীর যাবজ্জীবন

ফন্ট সাইজ:

বহুবার সতর্ক করার পরও স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি কথিত পরকীয়া প্রেমিক। সেই ক্ষোভ থেকেই রাজধানীর তেজগাঁও এলাকায় ঘটে যায় রক্তাক্ত এক ঘটনা। প্রায় ১৩ বছর পর সেই হত্যাকাণ্ডের বিচার শেষ হলো আদালতে।

সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯ এর বিচারক মাহমুদুল ইসলাম পরকীয়া প্রেমিক আনিস হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় শাহাদাৎ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার।

মামলার নথি থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই শাহাদাৎ হোসেনের স্ত্রীর সঙ্গে নিহত আনিসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে একাধিকবার আনিসকে সতর্ক করেছিলেন শাহাদাৎ। স্ত্রী থেকে দূরে থাকতে এবং আর যোগাযোগ না করতে বলা হয়েছিল তাকে। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে আনিস আবারও শাহাদাতের স্ত্রীর সঙ্গে দেখা করেন। এতে ক্ষোভ আরও গভীর হয় আসামির মধ্যে। ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেল। তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পাশে মা মেডিকেল স্টোরের বিপরীতে ফুটপাতে আনিসের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যান হামলাকারী। পরে তার মৃত্যু হয়।

ঘটনার পর তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. মাসদুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তেজগাঁও থানার উপ-পরিদর্শক কাজী সাহান হক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

একই বছরের ২৭ মে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

দীর্ঘ এক যুগের বেশি সময় পর আদালতের এই রায়ে আলোচিত সেই হত্যাকাণ্ডের আইনি পরিসমাপ্তি ঘটলেও, একটি অবৈধ সম্পর্কের ভয়াবহ পরিণতি যে কত ভয়াবহ, আবারও প্রমানিত হলো তার নির্মম উদাহরণ।


BAD MOUTH

২ মাস আগে

অবশ্যই খুন অপরাধ। কিন্তু এ দেশের পুরুষ শাসিত রক্ষনশীল সমাজে স্বামীর ব্যর্থতার কারণে স্ত্রীকে পরকীয়ার দিকে ঠেলে দিয়ে থাকে।

আমজনতা

২ মাস আগে

অবশ্যই যেকোনো খুনই নিন্দনীয়। কিন্তু এই পরকীয়ার ক্ষেত্রে preventive measure কী? আইনে এই অপকর্ম রোধের কি আদৌ কোনো উপায় আছে? নাকি এখন থেকে কারো স্ত্রী পরকীয়ায় আসক্ত হলে স্বামী সহাস্য বদনে তার স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়ে আসবে?

মন্তব্য করুন