মানিকগঞ্জে বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক ২

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় পয়লা গ্রামে পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সতীনের বিরুদ্ধে। নিহতের স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনা মিলে সখিনাকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে এবং শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এই নৃশংস ঘটনা ঘটে। জানা যায়, সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনার সঙ্গে সাংসারিক কলহ তৈরি হয়। এই কলহের জেরে সোমবার রাত থেকেই সখিনার ওপর অমানবিক নির্যাতন চালায় সাইফুল ও তার নববিবাহিত স্ত্রী সাবিনা। নির্যাতনের একপর্যায়ে সখিনার মাথার চুল কেটে তাকে চরমভাবে অপদস্থ করা হয়। মঙ্গলবার সকালে সখিনা পানি পান করতে চাইলে অভিযুক্তরা কৌশলে পানির বদলে বিষমিশ্রিত শরবত তাকে পান করায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই সখিনার মৃত্যু হয়। নিহতের মেয়ে যুথী আক্তার জানান, শরবতের সঙ্গে আমার মাকে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। ওই শরবত খাওয়ার কিছুক্ষণ পরেই মুখ দিয়ে ফেনা বের হয় এবং হাসপাতালে নেয়ার পথে আমার মা মারা যায়। ঘটনার পরপরই ঘিওর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে গ্রেপ্তার করেছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে।
বর্বরোচিত হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন