গাজীপুরে একটি পোশাক কারখানায় হঠাৎ করেই অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের (জিএমপি) ভোগড়া এলাকার প্যানাসিয়া ক্লোদিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এরপর কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিকরা জানান, গত শুক্রবার শ্বাসকষ্টে কারখানার একজন নারী শ্রমিক মারা যান। আজ সোমবার সকালে কারখানায় তার মিলাদ মাহফিল ছিল। সেই মাহফিলে শ্রমিকরা অংশ নেন। মিলাদ মাহফিল শেষে একে একে শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। পরে তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মো.আমিনুল ইসলাম বলেন, ‘গণ মনোদৈহিক রোগে আক্রান্ত এসব রোগীদের নিয়ে তেমন কোনো আশঙ্কা নেই। চিকিৎসা দেয়ার পর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন।’
এদিকে কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রথমে একজন নারী শ্রমিক হঠাৎ চিৎকার করেন। তারপর থেকেই অন্যরা অসুস্থ হতে থাকেন।
জিএমপি’র বাসন থানার ওসি হারুন অর রশিদ বলেন, ‘ওই কারখানায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং কারখানাটির ছুটি দেয়া হয়েছে।
‘সেখানে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে একেবারেই স্বাভাবিক আছে-’ উল্লেখ করেন তিনি।
