সরকারের মতো পুলিশ প্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়

প্রধানমন্ত্রী

সরকারের মতো পুলিশ প্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটা সরকার যেমন চিরস্থায়ী নয়, আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে এসেছি। ঠিক একইভাবে কিন্তু জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদ কিন্তু কারও জন্য চিরস্থায়ী নয়।’

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘অন্যান্য সব কার্যক্রম পরিচালনার পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ন্ত্রণেও আপনাদের কার্যক্রমে একটা উল্লেখযোগ্য সময় ব্যয় হয়। এটা দায়িত্বেরই অংশ, এটা কম-বেশি পৃথিবীর সব দেশেই হয়ে থাকে।’

সাম্প্রদায়িক সম্প্রীতি কঠোরভাবে বজায় রাখতে পুলিশের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক-রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি (বিনষ্ট) কিংবা কোনো রকম নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে।’

জুলাই সনদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আমার মনে হয়, এ নিয়ে কারও মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই।’

দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে আপস করতে চান না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অনেক সময় আমরা দেখেছি, আপনাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। রাজনৈতিক পরিচয়, প্রভাবশালী পরিচয়—এ রকম বিষয় আপনাদের ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আজকের অনুষ্ঠানে বলতে চাই, দুর্নীতি-সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন