নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি বাসার ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে কুতুবপুর লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক। তিনি ওই এলাকায় পরিবার নিয়ে থাকেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, সোমবার সকাল ৬ টার দিকে বিকট শব্দ শুনে তাদের বাসায় যাই। গিয়ে দেখি
বাবা ও ছেলেরা আগুনে ঝলসে গেছে। পরে জানতে পারি ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদির ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ ও রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে আব্দুল কাদেরে অবস্থা আশঙ্কাজনক।

হারুন উর রশীদ
২ মাস আগেফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণ জনগণকে অবহিত করা খুবই জরুরি বিষয়।