হোমনায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা

ফন্ট সাইজ:

কুমিল্লার হোমনায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের মূল গেটের তালা ভেঙে এবং একটি ফ্ল্যাটের তিনটি কক্ষে মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মনিপুর গ্রামের জয়নুদ্দিন মুন্সির বাড়িতে প্রবাসী জহিরুল ইসলামের নির্মিত ভবনের একটি ফ্ল্যাটে তার স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২) বসবাস করতেন। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে পাপিয়া, তার ছেলে মো. হোসাইন (৪) এবং তার দেবর আব্দুস সাত্তার মিয়ার ছেলে মো. জোবায়ের (৫)কে গলা কেটে হত্যা করে। নিহতের স্বামী জহিরুল ইসলাম ও তার ভাই আব্দুস সাত্তার উভয়েই সৌদি আরব প্রবাসী। পুলিশের প্রাথমিক ধারণা, গত ১৬ই ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ১৭ই ফেব্রুয়ারি সকাল ৯টার মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা বসতঘরের তিনটি পৃথক কক্ষে মরদেহগুলো রেখে পালিয়ে যায়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানায় পুলিশ। এ বিষয়ে হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে তদন্ত করবে। এ ছাড়া, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন