সীতাকুণ্ডে সমুদ্র উপকূলে অবৈধ বালু উত্তোলন নিয়ে উত্তেজনা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সমুদ্র উপকূল এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন ও ইউনি গ্যাস সংশ্লিষ্ট জাহাজের কাজে নিয়োজিত কিছু বোটের চলাচলে জেলেদের মাছ ধরার জাল ছিঁড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন উপকূলীয় জেলেরা। হুমকির মুখে পড়েছে তাদের একমাত্র জীবিকা।
জানা যায়, দীর্ঘদিন ধরে চলতে থাকা এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী দু’টি বোট আটক করে। পরে বোটে থাকা ব্যক্তিদের ছেড়ে দেয়া হলেও ঘটনাটি এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের আশ্রয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় গতকাল। বোট আটকের ঘটনায় স্থানীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে পুলিশ সেখান থেকে সরে যায় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তাদের উল্টো হত্যার মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে সমুদ্রে অবৈধ কর্মকাণ্ড চললেও তা বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
উল্লেখ্য, কিছুদিন আগে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সমুদ্রে একটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। এ বিষয়ে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, বালু উত্তোলনের সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। জেলেদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন