অনুমতি ছাড়া টেলিভিশনের প্যাকেজিংয়ে ছবি ব্যবহারের অভিযোগে জায়ান্ট ইলেকট্রিক প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ডলারের মামলা করেছেন বৃটিশ পপ তারকা দুয়া লিপা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে শুক্রবার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, স্যামসাং যুক্তরাষ্ট্রজুড়ে বিক্রি হওয়া বিভিন্ন টেলিভিশন মডেলের বাক্সে দুয়া লিপার মুখের ছবি অনুমতি ছাড়াই ব্যবহার করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
মামলায় বলা হয়েছে, স্যামসাংয়ের প্যাকেজিং ‘দুয়া লিপার কঠোর পরিশ্রমে অর্জিত সাফল্যকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে নিজেদের পণ্য প্রচার ও বিক্রি করার উদ্দেশ্যে’ তৈরি করা হয়েছে। মামলায় কপিরাইট লঙ্ঘন, ট্রেডমার্ক লঙ্ঘন এবং দুয়া লিপার চেহারা ও পরিচিতির অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, যে ছবি স্যামসাং ব্যবহার করেছে, তা ২০২৪ সালের অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যালে দুয়া লিপার পারফরম্যান্সের সময় তোলা হয়েছিল এবং ওই ছবির কপিরাইট তার মালিকানায় রয়েছে। মামলায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের জুনে প্রথমবার তিনি জানতে পারেন যে স্যামসাংয়ের টিভির বাক্সে তার ছবি ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তরা এ নিয়ে পোস্ট করতে শুরু করেন এবং কেউ কেউ একে ‘দুয়া লিপা টিভি বক্স’ বলে উল্লেখ করেন।
আদালতের নথিতে ইনস্টাগ্রামের দুটি মন্তব্যও উল্লেখ করা হয়েছে। এক ব্যবহারকারী লিখেছিলেন, ‘শুধু দুয়া আছে বলেই আমি ওই টিভি কিনব।’ আরেকজন লিখেছিলেন, ‘কিছু বিক্রি করতে চাইলে শুধু দুয়া লিপার ছবি লাগিয়ে দিন।’ ৩০ বছর বয়সী এই গায়িকার আইনজীবীরা দাবি করেছেন, দুয়া লিপার অধিকার লঙ্ঘন বন্ধে বারবার অনুরোধ জানানো হলেও স্যামসাং তা উপেক্ষা করেছে। দুয়া লিপার বিভিন্ন বাণিজ্যিক অংশীদারিত্ব রয়েছে। তিনি পুমা, ভার্সাস ও ইভস সেইন্ট লরা’র মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এ ছাড়া তিনি অ্যাপল, পোর্শে ও চ্যানেলের সঙ্গেও যৌথভাবে কাজ করেছেন। সম্প্রতি তিনি নেসপ্রেসোর বৈশ্বিক শুভেচ্ছাদূত হন। তার সর্বশেষ অ্যালবাম ‘র্যাডিক্যাল অপটিমিজম’ ২০২৪ সালে প্রকাশিত হয়।
