ফেসবুকে নারীর প্রতারণা, অর্থ খোয়ালেন ঠিকাদার

ফেসবুকে নারীর প্রতারণা, অর্থ খোয়ালেন ঠিকাদার

ফন্ট সাইজ:

ভারতের গোয়ালিয়রে ‘লন্ডনের পর্যটক’ পরিচয়ে এক নারীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর সাইবার প্রতারণার শিকার হয়েছেন এক ঠিকাদার। ৯৫ হাজার বৃটিশ পাউন্ড দেয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ২৩ হাজার রুপি হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, হরিশঙ্করপুরম এলাকার ঠিকাদার কমলকান্ত যাদবকে প্রতারক চক্র টার্গেট করে। তারা প্রথমে ফেসবুকে ‘লাকি চার্লস’ নামে পরিচয় দেয়। পরে ‘ডক্টর প্যাট্রিসিয়া’ নামে কথোপকথন চালিয়ে যায়। তদন্তকারীরা জানিয়েছেন, ২৪ এপ্রিল তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, ওই নারী দাবি করেন, তিনি লন্ডনে থাকেন এবং ৯৫ হাজার বৃটিশ পাউন্ড, যার মূল্য প্রায় ১ কোটি ২২ লাখ রুপি নিয়ে ভারত সফরে আসবেন। তিনি কমলকান্ত যাদবকে জানান, ওই অর্থ ভারতীয় মুদ্রায় রূপান্তরের জন্য তার সহায়তা প্রয়োজন। এর বদলে তাকে কমিশন ও দামি উপহার দেয়ারও আশ্বাস দেয়া হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৭ এপ্রিল প্রতারণার ঘটনা আরও এগোয়। তখন যাদবের কাছে আরেক নারী ফোন করে নিজেকে মুম্বই বিমানবন্দরের কর্মকর্তা বলে পরিচয় দেন। ফোনকারী দাবি করেন, বিদেশি মুদ্রা ছাড় করার আগে কাস্টমস ক্লিয়ারেন্স ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। বিষয়টি সত্য মনে করে যাদব প্রথমে ‘রেজিস্ট্রেশন ফি’ হিসেবে ৩৮ হাজার ৫০০ রুপি পাঠান। পরে অতিরিক্ত বিভিন্ন প্রক্রিয়াগত খরচের কথা বলে তাকে আরও টাকা পাঠাতে রাজি করানো হয়। এভাবে তিনি একাধিক ব্যাংক অ্যাকাউন্টে মোট ১ লাখ ২৩ হাজার রুপি পাঠান বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্তরা আরও ৭০ হাজার রুপি দাবি করার পর যাদবের সন্দেহ হয়। এরপর তিনি সাইবার হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করেন এবং অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঝাঁসি রোড থানায় অজ্ঞাত পরিচয়ের অভিযুক্তদের বিরুদ্ধে ই-জিরো এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

থানার পরিদর্শক শক্তি সিং বলেন, অভিযোগকারী জানিয়েছেন, ফেসবুক চ্যাটে এক নারী নিজেকে বিদেশ থেকে ভারতে আসতে চাওয়া পর্যটক বলে দাবি করেন। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তার কাছ থেকে ১ লাখ ২৩ হাজার রুপি প্রতারণা করে নেয়া হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন